রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৮:৪৭ পিএম
আপডেট : ৩১ মে ২০২৩ ১৯:০০ পিএম
আধিপত্য বিস্তারের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩১ মে) সকালে উপজেলার বরপা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার আব্দুল আউয়ালের ছেলে মামুন ও বরপা পূর্বপাড়া এলাকার ফারুক সাউদের ছেলে অপু সাউদ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আতাউর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বরপা এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিল্লাল নামের এক রেস্তোরাঁর বাবুর্চি গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানতে পারে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে উভয় গ্রুপের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ওসি আরও জানান, বুধবার সকালে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মামুন ও অপু সাউদকে আটক করা হয়। তাদের আটকের পর আহতদের বারবার খবর দেওয়া হলেও তারা মামলা করতে আসেনি। তাই বিকাল পর্যন্ত অপেক্ষার পর আসামিদের ৫৪ ধারায় নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার তারাব পৌরসভার বরপা বাসস্টেশন এলাকায় তারাব পৌর যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক বায়েজিদ সাউদের লোকজনের সঙ্গে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ রিয়াজের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রেস্তোরাঁর বাবুর্চি বিল্লাল গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।