× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফজয়ী আঁখির বাবাকে হুমকি, দুই পুলিশ সদস্য ক্লোজড

সিরাজগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৮ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৬ পিএম

সাফজয়ী আঁখির বাবাকে হুমকি, দুই পুলিশ সদস্য ক্লোজড

সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য আঁখি খাতুনের বাবাকে হুমকি দেওয়ার অভিযোগে শাহজাদপুর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুনুর রশিদ ও কনস্টেবল আবু মুসাকে ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফুটবলার আঁখির বাবাকে হুমকি দেওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে সহকারী পুলিশ সুপারকে (শাহজাদপুর সার্কেল) বিষয়টি তদন্তের জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আঁখির বাবাকে হুমকি দেওয়ার ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সমালোচনা শুরু হয়। পরে এএসআই মামুনুর রশিদ ও কনস্টেবল আবু মুসাকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

জানা যায়, বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার পৌরসদরের পাড়কোলা গ্রামে আঁখির বাড়িতে এএসআই মামুনুর রশিদ ও কনস্টেবল আবু মুসা সিভিল পোশাকে একটি নোটিস নিয়ে হাজির হন।

আঁখির বাবা আক্তার হোসেনকে শাহজাদপুর থানার এএসআই মামুনুর রশিদ জানান, দ্বাবারিয়া গ্রামের মৃত মেছের প্রাং-এর ছেলে মো. মকরম প্রাং বাদী হয়ে সম্প্রতি সিরাজগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দ্বাবারিয়া মৌজায় জোরপূর্বক জমি দখলের পাঁয়তারার অভিযোগে একটি মামলা করেছেন। ফলে খুন-জখম হওয়ার সম্ভাবনা থাকায় বিজ্ঞ আদালত উভয়পক্ষকে ওই নালিশি সম্পত্তিতে স্থিতি অবস্থা বজায় রাখতে বলেছেন। এতে ফুটবলার আঁখিসহ ৫ জনকে বিবাদী করা হয়েছে।

এ-সংক্রান্ত আদালতের নোটিসটি স্বাক্ষর প্রদানপূর্বক গ্রহণের জন্য এএসআই মামুনুর রশিদ আঁখির বাবা আক্তার হোসেনকে অনুরোধ করলে তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান। এ সময় এএসআই মামুনুর রশিদ তার ওপর ক্ষুব্ধ হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন।

আঁখির বাবা আক্তার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মেয়ে আঁখিকে ওই জমি দিয়েছেন। ষড়যন্ত্রমূলকভাবে একটি কুচক্রী মহল জাল দলিলের মাধ্যমে ওই জমি দখলের পাঁয়তারা করছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি জানার পর রাতেই আমি ও শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম আঁখির বাড়িতে ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছি। এ ছাড়া এ ঘটনায় তাদের কাছে দুঃখ প্রকাশ করেছি।

উল্লেখ, ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভারতকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই আসরে সেরা খেলোয়াড় আঁখি খাতুন পান গোল্ডেন বুট। এরপরই ফুটবলকন্যা আঁখি খাতুনকে বাড়ি করার জন্য জমি উপহার দেন প্রধানমন্ত্রী।

জন্মস্থান সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় সরকারি কলেজসংলগ্ন মনিরামপুরে উপজেলা প্রশাসন আঁখিকে আট শতক জায়গা বরাদ্দ দেয়। তবে দীর্ঘদিন এই খাস জায়গাটি অবৈধভাবে দখলে রাখেন শাহজাদপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ। পরে উপজেলা প্রশাসন জমিটি দখলমুক্ত করে ফুটবলার আঁখিকে বরাদ্দ দিলে রবিন আকন্দ মামলা করেন। মামলাটি আদালতে বিচারাধীন।

প্রবা/আরএম/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা