রাজশাহী অফিস
প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৩:২৯ পিএম
আপডেট : ৩০ মে ২০২৩ ১৩:৩২ পিএম
বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। প্রবা ফটো
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে করা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আরও তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। চাঁদের আইনজীবী শামসাদ বেগম মিতালী এ তথ্য জানিয়েছেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (৩০ মে) দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪-এর আদালতে হাজির করা হয় চাঁদকে। আদালতে তার আরও পাঁচ দিনের রিমান্ড চান রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিচারক মাহবুব আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পরিবর্তন হওয়ার কারণ দেখিয়ে নতুন করে তার রিমান্ড চায় ডিবি পুলিশ। তবে চাঁদের আইনজীবী অ্যাড. শামসাদ বেগম মিতালী বলেন, একবার রিমান্ড শেষে একই মামলায় দ্বিতীয় বার রিমান্ডের কোনো বিধান নাই। ফরমায়েশ কার্যকর করার জন্য তাকে দ্বিতীয় দফা রিমান্ডে নেওয়া হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (২৫ মে) বিকালে পুলিশ তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায়। তবে বিচারক মাহবুব আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুঠিয়া থানায় চাঁদের বিরুদ্ধে করা মামলার শুনানিতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট পারভেজ জাহিদী, অ্যাড. শামসাদ বেগম মিতালী। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আদালতের পিপি অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানিয়েছেন, গুরুত্ব বিবেচনায় মামলাটি ডিবিতে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
১৯ মে রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রীকে কবরে পাঠানোর বক্তব্য দিয়ে আলোচনায় আসেন চাঁদ। এ ঘটনায় রাজশাহীসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা হয়।
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বক্তব্যের পর থেকেই তাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভসহ আন্দোলন করে আসছে।