টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৩ ০৯:২৮ এএম
আপডেট : ৩০ মে ২০২৩ ১০:৫৫ এএম
প্রবা ফটো
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উঠে পড়েছে পিকআপ। বাহনটির চাপায় ওই ঘরে থাকা মা ও মেয়ে মারা গেছেন। সোমবার (২৯ মে) মধ্যরাতে উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্লাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নল্লা এলাকার গণেশচন্দ্র রবিদাসের স্ত্রী ফুল রানী ও মেয়ে রাধিকা রানী দাস।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, রাত ২টার দিকে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে বসতঘরের ওপর উঠে পড়ে। এতে ওই বাড়ির গণেশ রবিদাসের স্ত্রী ও তার ১২ বছরের মেয়ে মারা গেছেন।
ওসি জসিম উদ্দিন জানান, গণেশকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ধনবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।