কক্সবাজার অফিস
প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৮:২৫ পিএম
আপডেট : ২৯ মে ২০২৩ ১৮:৫২ পিএম
আন্তর্জাতিক আদালতে ‘রোহিঙ্গা গণহত্যা’ মামলার কার্যক্রম তরান্বিত করতে কাজ করছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।
ওআইসির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা বলেছেন, ‘ইসলামিক সহযোগিতা সংস্থা সব সময় রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দিয়ে আসছে। সংস্থাটি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায়। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সম্মানজনক মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে ওআইসি।‘
সোমবার (২৯ মে) দুপুরে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই অভিমত জানান।
মহাসচিব জানান, আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে গাম্বিয়া সরকার রোহিঙ্গা গণহত্যার যে বিচার দিয়েছে সে বিচারপ্রক্রিয়া সম্পন্নের জন্য ওআইসি কাজ করে যাচ্ছে।
এর আগে মতবিনিময়কালে রোহিঙ্গা প্রতিনিধিদল ওআইসির মহাসচিবকে মিয়ানমারে তাদের নাগরিকত্ব, নিরাপত্তা, নিজেদের ভিটেমাটি ফিরিয়ে দেওয়া, গণহত্যার বিচার সম্পন্ন করাসহ বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন।
সোমবার সকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসির মহাসচিব পাঁচ সদস্যের প্রতিনিধিদল নিয়ে আসেন। কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসনের কর্মকর্তা, জাতিসংঘের শরণার্থীবিষয়ক কমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ও শরণার্থী কমিশন কার্যালয়ের কর্মকর্তারা।