পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৭:০৬ পিএম
আপডেট : ২৯ মে ২০২৩ ১৭:৪৬ পিএম
নিহত হাবিবুরের স্বজনরা আহাজারি করছে। প্রবা ফটো
পঞ্চগড় সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন শামিম ইসলাম মীম নামে অপর এক পরীক্ষার্থী।
সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড়-ফকিরের হাট সড়কের যতনপুকুরী লিচুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুরের বাড়ি উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় পশ্চিম পাড়া এলাকায়। সে ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। অপর পরীক্ষার্থী শামিম একই এলাকার রবিউল ইসলামের ছেলে। তারা দুজনই মীরগড় ময়নউদ্দীন উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় সড়ক দূর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে এসএসসি পরীক্ষার্থী হাবিবুর ও তার বন্ধু মীম বাসা থেকে বের হয়ে পঞ্চগড় বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে মোটরসাইকেল করে যাচ্ছিলেন। এ সময় তারা উপজেলার লিচুতলা এলাকায় এলে এক পথচারীকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এ সময় হাবিবুর মাথা ও বুকে গুরুতর আঘাত পান। তবে শামিম হাতে ও পায়ে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসাপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম বলেন, হাবিবুর মাথার বাম অংশে ও বুকে গুরুতর আঘাত পেয়ে মারা গেছেন। তবে শামিম নামে অপরজন শঙ্কামুক্ত। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসআই পলাশ চন্দ্র রায় বলেন, মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থাকায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।