বগুড়া অফিস
প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৬:১১ পিএম
আপডেট : ২৯ মে ২০২৩ ১৬:৩৮ পিএম
বগুড়ায় অনুমোদনহীন হেনা সিটি স্ক্যান নামে এক ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো
বগুড়ায় অনুমোদনহীন হেনা সিটি স্ক্যান নামে এক ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
সোমবার (২৯ মে) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। সংস্থাটির বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
ইফতেখারুল আলম রিজভী জানান, শজিমেক হাসপাতালের সামনে সিটি স্ক্যান নামে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির কোনো বৈধ সনদ অথবা অনুমতিপত্র দেখাতে পারেনি। এ ছাড়া প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবলও প্রতিষ্ঠানটির নেই। মানুষের জীবন ও নিরাপত্তা বিপন্ন করার অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা এবং একই সঙ্গে সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, জেলা চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।