মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৫:০৫ পিএম
আপডেট : ২৯ মে ২০২৩ ১৯:২৬ পিএম
ছুরিকাঘাতে নিহত এসএসসি পরীক্ষার্থী রিয়াদ খান। সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বীর হাজীপুর গ্রামে ঝগড়া থামাতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী রিয়াদ খান হত্যার শিকার হয়েছে।
১৬ বছর বয়সি রিয়াদ বীর হাজীপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে এবং স্থানীয় পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রিয়াদের চাচাতো বোনের বিয়ে হয় বীর হাজীপুর গ্রামে। স্বামীর বাড়ির লোকজন রিয়াদের চাচাতো বোনকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। রবিবার (২৮ মে) রাত সাড়ে ১১টায় এ নিয়ে রিয়াদের বাবা স্বপন মিয়ার সঙ্গে রিয়াদ খানের চাচাতো বোনের শাশুড়ির লোকজনদের কথা-কাটাকাটি হয়। এ সময় রিয়াদ তাদের থামাতে গেলে চাচাতো বোনের দেবর রবিউল হকের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রিয়াদকে ছুরিকাঘাত করে রবিউল।
গুরুতর জখম রিয়াদকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টায় তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর রবিউল পলাতক রয়েছে।
জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম রোহিত জানান, বীর হাজীপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে পারিবারিক বিরোধের জেরে রাত সাড়ে ১১টার দিকে ছুরিকাঘাত করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু প্রতিদিনের বাংলাদেশকে জানান, ছুরিকাঘাতে রিয়াদের মৃত্যু হয়েছে। সুরতহাল রিপোর্টের পর তার লাশ ময়নাতদন্তের জন্য আজ সোমবার কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা নথিভুক্ত করা হবে।
অভিযুক্তকে ধরতে কাজ চলছে বলে জানান ওসি।