রাজশাহী প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৭:২৩ পিএম
আপডেট : ২৮ মে ২০২৩ ১৯:২১ পিএম
রাজশাহীতে বিএনপি পদযাত্রা শেষে সমাবেশে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। প্রবা ফটো
যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতিতে নাম উঠে গেছে বলে তিন পুলিশ কর্মকর্তার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
তবে তিনি ওই তিন পুলিশ কর্মকর্তার নাম বলেননি।
রবিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর ভুবনমোহন পার্কে পথসভা শেষে পদযাত্রা অনুষ্ঠিত হয়। যেখানে বিএনপিসহ এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশের উদ্দেশে মিনু বলেন, ‘রাজশাহী থেকে তিনজন বিশেষ উচ্চপদস্থ পুলিশ বাহিনীর কর্মকর্তা নিজেদের জিজ্ঞেস করুন, স্ত্রীকে জিজ্ঞেস করুন, কত বড় অন্যায় আপনারা করেছেন। রাজশাহীকে আমরা শান্তির নগরী করেছিলাম। তাকে আপনারা কী করলেন? এর জবাব আপনাদের দিতে হবে।’
তিনি বলেন, ‘এরই মধ্যে ভিসানীতিতে আপনাদের নাম চলে গেছে। তিনজন সাবধান হয়ে থাকেন। বেনজীরের মতো আপনাদের ছেলে-মেয়ে যদি বিদেশে থেকে থাকে তো ফয়সালা হয়ে যাবে। আর আমরা আছি মাঠের লড়াইয়ে।’
বিএনপি নেতা বলেন, ‘পুলিশসহ নব্য আওয়ামী লীগ আমাদের ওপর যে নির্মম নির্যাতন করল, রাজশাহীতে ১৩টিসহ সারা দেশে ২১টি মামলা করা হয়েছে। গত এক সপ্তাহে রাজশাহীতে আমাদের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের বড় নেতারা বেগম খালেদা জিয়াকে বারবার হত্যা করতে চেয়েছিলেন।
‘ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে সারা বিশ্ব দেখেছে গাড়ির ওপর গুলি করে হত্যার উদ্দেশ্যে, বালুর ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। অবৈধ সরকারের অবৈধ নেত্রী চেয়ারে বসে বেগম খালেদা জিয়াকে নদীতে ফেলে দিতে চেয়েছিলেন।’
সরকারকে অবৈধ ও দুর্নীতিবাজ উল্লেখ করে মিনু বলেন, ‘অতীতে এক দলীয় বাকশাল করেছিলেন। আজ আমেরিকার ভিসানীতিতে বাংলাদেশ সোমালিয়ার সঙ্গে, নাইজেরিয়ার সঙ্গে। বিশ্বে কী জবাব দেবে বাংলাদেশের সন্তানেরা। দরবেশ বাবা ও লোটাস কামাল ৬০ লাখ যুবককে নিঃস্ব করে দিয়েছে শেয়ার কেলেঙ্কারি করে। আজ দেশের ৯৮ ভাগ মানুষ ক্রয়ক্ষমতা হারিয়েছে। দেশ আজ বিদ্যুৎশূন্য।’
মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে পথসভায় জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপির অঙ্গসংগঠন নেতারা বক্তব্য দেন।
পথসভা শেষে নগরীর ভূবনমোহন পার্ক থেকে পদযাত্রা শুরু করে মনি চত্বর হয়ে সাহেববাজার ঘুরে একই স্থানে শেষ করেন।