× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসময়ে বাণিজ্য মেলা আয়োজনে ক্ষুব্ধ ব্যবসায়ীরা

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৩ ১৯:৫৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে শুরু হয়েছে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা। তবে অসময়ে বাণিজ্য মেলা আয়োজন নিয়ে শহরের ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, করোনার পর থেকে ব্যবসা-বাণিজ্য মন্দা যাচ্ছে। তারপর পবিত্র ঈদুল আজহার আগে মেলার কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা। গত সোমবার শুরু হওয়া বাণিজ্য মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। ইতোমধ্যে স্টলগুলো তাদের পণ্যের পসরা সাজিয়ে কেনাবেচা শুরু করে দিয়েছে।

ব্যবসায়ীরা জানান, অতীতে যেসব মেলা হয়েছে, সেগুলো ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত চলে। এ ছাড়া বৈশাখ-জ্যৈষ্ঠ মাস অথবা বর্ষাকালে তারা কখনও বাণিজ্য মেলা হতে দেখেননি। মাত্র কয়েক মাস আগেও একই স্থানে মেলা অনুষ্ঠিত হয়েছে। তাই এ মেলা দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন তারা। 

এদিকে মেলার শুরুতেই কসমেটিকসসহ নানা ধরনের পণ্যে অতিরিক্ত দামসহ নিম্নমানের পণ্য বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন ক্রেতা। নুরুন্নাহার নামে এক তরুণী বলেন, মেলার পণ্যগুলো খুবই নিম্নমানের। আফসানা নামে অপর এক কিশোরী বলেন, অনেক সময় দেখা যায় কসমেটিকসপণ্যে মেয়াদ থাকে না। তিনি বলেন, ‘মেলা থেকে আমরা ইচ্ছে করে কসমেটিকসসহ নানা পণ্য কিনে থাকি। কিন্তু তার গুণমত মান ভালো থাকে না।’

এ বিষয়ে হবিগঞ্জ শহরের কালীবাড়ি এলাকার পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি আহমেদ কবির আজাদ বলেন, ‘শহরে বছরের কয়েকটা মেলা হয়। যা ব্যবসায়ীদের জন্য ক্ষতি। আমার এলাকায় এমনও ব্যবসায়ী আছে, যারা মেলার সময় দিনে হাজার টাকাও রুজি করতে পারে না। বেশিরভাগ কাস্টমারই মেলায় চলে যায়। তাই বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।’ 

হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যাকস) সভাপতি শামছুল হুদা জানান, শিল্প ও বাণিজ্য মেলায় বৈচিত্র্যপূর্ণ কিছুই নেই। কিছু কসমেটিকস ও নিম্নমানের বিভিন্ন পণ্য নিয়ে আসা হয়েছে এ মেলায়। এতে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন।

হবিগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আহমেদ জামান খান শুভ বলেন, ‘এবারের মেলা নিয়ে আমরা ব্যবসায়ীরা খুবই চিন্তিত। কোরবানির ঈদ সামনে, আমরা এমন মেলা আর মানতে পারছি না। আমরা মনে করি এ মেলার কোনো যৌক্তিকতা নেই।’ 

এ বিষয়ে মেলার আয়োজক কমিটির পরিচালক সাজিদুর রহমান বলেন, ‘আমি জেলা প্রশাসনের কাছ থেকে মেলা পরিচালনা করার অনুমতি পেয়েছি। এটা হবিগঞ্জ জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে হচ্ছে। আগে পুলিশ মহিলা কল্যাণ সংস্থার (পুনাক) মেলা হয়েছিল বাণিজ্য মেলা হয়নি। এবার মেলায় প্রবেশমূল্য রাখা হয়েছে ২০ টাকা। তবে মেলায় বিদ্যুৎ-সংযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুতের জন্য পিডিবিতে আবেদন করা হয়েছে। যদিও মেইন লাইন থেকে অবৈধভাবে সংযোগ নেওয়ার অভিযোগ রয়েছে মেলার আয়োজকদের বিরুদ্ধে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা