প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৩ ১৪:১৮ পিএম
আপডেট : ২৭ মে ২০২৩ ১৪:২৯ পিএম
গ্রেপ্তার জেএমবি সদস্যর আনারুল ইসলাম। প্রবা ফটো
সাভারের আশুলিয়া থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিউ)।
শনিবার (২৭ মে) দুপুরে এ তথ্য জানিয়েছেন এটিউর পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান। এর আগে শুক্রবার বিকালে আশুলিয়ার জিরাবো ম্যাগপাই বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জেএমবি সদস্যের নাম আনারুল ইসলাম। তিনি নীলফামারী সদর উপজেলার সুটিপাড়া ফুলতলা এলাকার বাসিন্দা। নীলফামারী সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি।
পুলিশ সুপার আসলাম খান জানান, আশুলিয়ায় বিভিন্ন কারখানায় ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে গত দেড় বছর নাম-পরিচয় গোপন করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন আনারুল। তিনি দীর্ঘ প্রায় আট বছর ধরে জেএমবির সদস্য হয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন।
গ্রেপ্তার আনারুলকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আনারুল প্রথমে হানাফি মাজহাবের তরিকায় নামাজ পড়তেন। পরে মাজহাব পরিবর্তন করে আহলে হাদিসের তরিকায় নামাজ পড়া শুরু করেন। তখন নীলফামারী ইপিজেড এলাকায় চাকরি করার সময় আহিদুল নামে জেএমবির এক সদস্য সঙ্গে তার পরিচয় হয়। পরে তার মাধ্যমে জেএমবিতে দীক্ষিত হন।