রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৩ ১৩:৫২ পিএম
আপডেট : ২৭ মে ২০২৩ ১৪:৫৯ পিএম
পুড়ে যাওয়া দোকানপাট। প্রবা ফটো
রাঙামাটি লংগদুতে আগুন লেগে ৯টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৭ মে) রাতে উপজেলার মাইনীমুখ বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
লংগদু ফায়ার সার্ভিস টিম লিডার মো. সেলিম বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা ফায়ার ফাইটারদের নিয়ে কাজ শুরু করি। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত করে সঠিক কারণ বলা যাবে।’
মাইনীমুখ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রশীদ আহম্মদ সওদাগর বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। তদন্তসাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
লংগদু উপজেলা রেড ক্রিসেন্টের দলনেতা মো. নাঈম উদ্দিন বলেন, রাত আনুমানিক ৩টার দিকে মাইনীমুখ বাজারে শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরে ফায়ার সার্ভিসের সঙ্গে লংগদু উপজেলা রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকরাও অগ্নিনির্বাপন ও উদ্ধারকাজে অংশ নেয়।