রংপুর অফিস
প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৭:০২ পিএম
আপডেট : ২৫ মে ২০২৩ ১৮:০০ পিএম
ফল উৎসবে দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। প্রবা ফটো
দেশী-বিদেশি ফলের সঙ্গে পরিচয় ও এর পুষ্টিগুণ জানাতে রংপুরে ফল উৎসব ও নজরুল জয়ন্তী পালন করেছে সেনাবাহিনী পরিচালিত দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে প্রতিষ্ঠানটির মাঠ প্রাঙ্গনে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্টে কর্নেল এটিএম মোস্তাফিজার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ প্রভাষক অনুষ্ঠানের সমন্বয়কারী মারুফ হোসেন মাহাবুবসহ অন্যরা। আয়োজনে প্রতিষ্ঠানের ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ১০টি স্টলে শতাধিক দেশী-বিদেশি ফলের প্রদর্শনী করা হয়।
আয়োজনে শিক্ষার্থীরা দেশী-বিদেশি ফলের সঙ্গে পরিচিত হয় এবং পুষ্টিগুন সম্পর্কে জানতে পারে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়।
দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তাফিজার রহমান বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা দেশীয় ফলের সঙ্গে পরিচিত না। ফল উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা ফলের সঙ্গে পরিচিত হচ্ছে। সেই সঙ্গে এসব ফলে কি কি পুষ্টি রয়েছে তা আমাদের জানাচ্ছে। তাদের ছোটবেলাতেই ফল চেনা ও পুষ্টি নিয়ে যাবতীয় তথ্য হৃদয়ে গেঁথে যাচ্ছে। ভবিষ্যতে এসব শিক্ষার্থী বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির ফল সংরক্ষণ ও পুষ্টিগুণের বার্তা সবার কাছে ছড়িয়ে দিতে পারবে।