কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৩ ২২:০৯ পিএম
মহাসড়কে সকল প্রকার অনিয়ম বন্ধে হাইওয়ে পুলিশকে আরও দায়িত্বশীল হতে হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান। তিনি বলেন, সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।
বুধবার (২৪ মে) কুমিল্লা রিজিয়ন আয়োজিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বুধবার কুমিল্লার একটি হাইওয়ে রেস্টুরেন্ট মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
শাহাবুদ্দিন খান বলেন, মহাসড়কে চাঁদাবাজি বন্ধ এবং সড়ক দুর্ঘটনা কমাতেও হাইওয়ে পুলিশকে কাজ করতে হবে।
কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন হাইওয়ে পূর্ব বিভাগের ডিআইজি মাহবুবুর রহমান, অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ, সার্কেল এএসপি রাজিউর রহমান।
এসময় কুমিল্লা রিজিয়নের ২২টি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দুইশতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।