চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৪ মে ২০২৩ ২১:৪২ পিএম
আপডেট : ২৫ মে ২০২৩ ১৪:০০ পিএম
জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বাঁশখালীতে গড়ে তোলা এস আলম গ্রুপ ও চীনের সেপকো থ্রির মালিকানাধীন এসএস পাওয়ার প্ল্যান্ট।
বুধবার (২৪ মে) বেলা ২টা থেকে বিদ্যুৎকেন্দ্রটির এক নম্বর ইউনিট থেকে ১ মেগাওয়াট দিয়ে সরবরাহ শুরু হয়।
বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তা ১০০ মেগাওয়াটে উন্নীত করা হয় বলে জানিয়েছেন পাওয়ার প্ল্যান্টের উপ প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল) প্রকৌশলী মো. ফয়জুর রহমান।
তিনি বলেন, ‘বেলা ২টা থেকে পিজিসিবি জাতীয় গ্রিডে বিদ্যুৎ নেওয়া শুরু করেছে। ১ মেগাওয়াট দিয়ে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে উৎপাদন ও সরবরাহ বাড়তে থাকে। রাতে পিক আওয়ারে সর্বোচ্চ ২০০ মেগাওয়াট বিদ্যুৎ নেবে পিজিসিবি।’ এক নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া যাবে বলেও জানান জানান।
এর আগে গত ১৪ জানুয়ারি বেলা ১টা ৫৬ মিনিটে বাঁশখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এসএস পাওয়ার প্ল্যান্টটি জাতীয় গ্রিডের ৪০০ কেভি সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত হয়।