রামপাল (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৩ ২০:২০ পিএম
আপডেট : ২৪ মে ২০২৩ ২০:৫২ পিএম
রামপাল সরকারি কলেজের এইচএসসি পরিক্ষার্থী লিটন শেখ। প্রবা ফটো
বাগেরহাটের রামপালে জলাতঙ্কে লিটন শেখ নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। লিটন উপজেলার উজলকুড় (মধ্যপাড়া) গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। চলতি বছর রামপাল সরকারি কলেজ থেকে তার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।
গত সোমবার (২২ মে) রাতে লিটন শেখ মারা যায়।
লিটনের বড় ভাই মো. আলী আকবর বলেন, প্রায় তিন মাস আগে লিটনের পায়ে একটি কুকুর কামড় দেয়। এ জন্য একটি ভ্যাকসিন দেওয়া হয় তাকে। পাশাপাশি বিভিন্ন কবিরাজী চিকিৎসার পর লিটন সুস্থ ছিল। কিন্তু মারা যাওয়ার চারদিন আগে হঠাৎ লিটন ডান পায়ে ব্যথা অনুভব করলে ফয়লাহাটে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেয়।
তিনি আরও বলেন, ‘মারা যাওয়ার আগেরদিন রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজের চিকিৎসক তাকে ফেরত পাঠায়। পরবর্তীতে রূপসা উপজেলার কুদির বটতলার আম্বিয়া কবিরাজের কাছে নিয়ে গেলে তিনি চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করলে তাকে বাড়িতে নিয়ে আসি। ওই রাতে লিটন মারা যায়। মঙ্গলবার তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’
রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শুকান্ত কুমার পাল বলেন, লিটনের মৃত্যুর বিষয়টি বুধবার জানতে পেরেছি। এর আগে চিকিৎসার জন্য সে হাসপাতালে আসেনি।
কুকুর বা বিড়ালে কামড়ালে কী করনীয় এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, প্রথমে যে কোনো এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিতে হবে। কামড়ের স্থানে রক্ত আসলে অবশ্যই সরকারি নিয়মে চারটি ভ্যাকসিন গ্রহণ করতে হবে।