নাটোর প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৩ ১৭:২৯ পিএম
আপডেট : ২৪ মে ২০২৩ ১৮:২৯ পিএম
বিপিও সামিট বাংলাদেশ-২০২৩ শীর্ষক অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো
দেশের কর্মক্ষম পাঁচ কোটি মানুষকে দক্ষ জনশক্তি হিসেবে সরকার গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে বর্তমানে ৭০ হাজার ছেলে-মেয়ে বিভিন্ন খাতে কাজ করছে। ১৪ বছর আগে দেশে এমন কর্মসংস্থানের ক্ষেত্র ছিলো না। দেশে পাঁচ কোটি কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। তাদেরকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে চায় সরকার। এজন্য প্রাথমিকভাবে ৫০ লাখ তরুণ-তরুণীকে আধুনিক কম্পিউটার শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলা হবে।
বুধবার (২৪ মে) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার হলরুমে ‘বিপিও সামিট বাংলাদেশ-২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় ২০১০ সালে আইসিটি বিষয়কে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক করা হয়। আমাদের ছেলে-মেয়েদের অবশ্যই কম্পিউটার শিক্ষায় পড়তে হবে।’
তিনি বলেন, ‘সামনে এক লাখ নয় হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারনেটের আওতায় আনা হবে। সেখানে আইটিসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। স্মার্ট দেশ গড়তে হলে স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে। সেজন্য আমাদের দেশপ্রেম, সততা, নিষ্ঠাবান হতে হবে। আমাদের ছেলে-মেয়েদেরকে সেই স্মার্ট নাগরিক হিসেবে তৈরি করতে হবে।’
নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন 'নিজের বলার মতো একটা গল্প' ফাউন্ডেশনের সভাপতি ইকবাল বাহার জাহিদ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নাজনীন নাহার, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, জেলা পুলিশ সুপার সাইফুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুনসহ প্রমুখ।