গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৩ ১৬:০৯ পিএম
আপডেট : ২৪ মে ২০২৩ ১৭:২০ পিএম
জেলেদের জালে ধরা পড়া ১৪ কেজি পাঙ্গাস মাছ। প্রবা ফটো
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বাহিরচর দৌলতদিয়ায় জেলেদের জালে সাড়ে ১৪ কেজি ওজনের একটি পাঙ্গাস ধরা পড়েছে। দৌলতদিয়া ফকিরপাড়ার নিমাই ফকিরের জালে সাড়ে এটি ধরা পড়ে। এটি স্থানীয় মাছ ব্যবসায়ী শাহাজাহান শেখ ১৮ হাজার টাকায় কিনে ২০ হাজার টাকায় বিক্রি করেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি মাছটি কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
এর আগে একই দিন সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে ঢোলসুরি কলাবাগান এলাকায় প্রায় ২২ কেজি ওজনের একটি বড় পাঙ্গাস ধরা পড়ে। মাছটি স্থানীয় ব্যবসায়ী চান্দু মোল্লা ৩২ হাজার টাকায় কিনে প্রায় ৩৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এই মৌসুমে এই প্রথম এক দিনে দুটি বড় পাঙ্গাস জেলেদের জালে ধরা পড়ে।
ব্যবসায়ী শাহাজাহান শেখ জানান, সাড়ে ১৪ কেজি ওজনের মাছটি কেনার পর ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের পরিচিতজনদের সঙ্গে তিনি মুঠোফোনে যোগাযোগ করেন। পরে কুষ্টিয়ার কুমারখালী অঞ্চলের পরিচিত এক ব্যবসায়ীর কাছে তিনি কেজিপ্রতি ১২০ টাকা করে লাভ রেখে ১৯ হাজার ৮৬৫ টাকায় বিক্রি করেন।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান বলেন, মাঝেমধ্যে এখন বড় মাছ ধরা পড়বে। তবে এক দিনে দুটি বড় পাঙাশ মাছ পাওয়ার ঘটনা এ অঞ্চলের জেলেদের জন্য সুখবর।