কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৩ ২০:০২ পিএম
ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ডাকাতির মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রবা ফটো
ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ডাকাতির মামলায় ৪ জনকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। বিমানবন্দর থেকে আগত প্রবাসীদের টার্গেট করে চক্রটি ডিবি পরিচয়ে ডাকাতি করতো।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সুমন মিয়া, মো. মোস্তফা, মো. আল-আমিন ও শারমিন আক্তার।
মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর এসব তথ্য জানান।
তিনি জানান, একটি ডাকাত চক্র ডিবি পরিচয়ে ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিমানবন্দর হয়ে বিদেশ থেকে আগত যাত্রী বহনকারী প্রাইভেটকারের পথরোধ করে তাদের নিকট থেকে বিদেশি মুদ্রা, মোবাইল ফোন ও দামি কাপড়-চোপড়সহ অন্যান্য জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যেত।
এরই ধারাবাহিকতায় গত বছরে ২ ফেব্রুয়ারি রাত ৪টার দিকে ফরিদপুর জেলার দেলোয়ার মাতব্বর তার মালয়েশিয়া ফেরত ছেলেকে বিমানবন্দর থেকে রিসিভ করে ফরিদপুরে নিয়ে যাওয়ার সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাজেন্দ্রপুর ফ্লাইওভারের উপরে পথরোধ করে ডাকাতি করে চক্রটি।
একই ডাকাত দল পরবর্তীতে গত ৫ মার্চ রাত দেড়টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাজেন্দ্রপুর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সৌদি প্রবাসী মামুন মিয়া তার বোন ও ভাগিনাদের নিয়ে ফরিদপুর যাওয়ার পথে ডাকাতরা তাদের গাড়ি থামিয়ে ডিবি পরিচয় দিয়ে তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও মালামাল ডাকাতি করে পালিয়ে যায়।
উক্ত ঘটনা দুটির পরিপ্রেক্ষিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে দুটি ডাকাতির মামলা রুজু হয়। মামলার পর ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের নির্দেশনায় সুমন মিয়াকে ময়মনসিংহ নান্দাইল থেকে, মোস্তফাকে ময়মনসিংহের ত্রিশাল থেকে, আলা-মিনকে রাজধানীর রামপুরা থেকে এবং শারমিন আক্তারকে বরিশাল হতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ডাকাতির কথা স্বীকার করে এবং তাদের নিকট হতে স্বর্ণালংকার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করে পুলিশ।