কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৩ ১৮:২০ পিএম
আপডেট : ২২ মে ২০২৩ ১৮:২৪ পিএম
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলসের (কেপিএম) উৎপাদন টানা ৭ দিন বন্ধ থাকার পর রবিবার (২১ মে) সন্ধ্যা থেকে ফের চালু করা হয়েছে। গত ১৪ মে থেকে এলএনজি সরবারহ বন্ধ করে দেওয়ার পরপরই মিলের উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) একেএম আনিসুজ্জামান।
তিনি জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর ভাসমান দুটি এলএনজি টার্মিনাল নিরাপদে সরিয়ে নেওয়ায় এই গ্যাস সংকট সৃষ্টি হয়। তবে পুনরায় গ্যাস সরবরাহ চালু হওয়ায় রবিবার সন্ধ্যা থেকে উৎপাদন শুরু হয়েছে। এদিন রাতের শিফটে ৭ টন কাগজ উৎপাদিত হয়।
কেপিএম শ্রমিক, কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক বলেন, ‘এতদিন কারখানা বন্ধ থাকায় শ্রমিক-কর্মচারীদের মন খারাপ ছিল। আমরা প্রতিদিন খবর নিতাম কবে এলএনজি আসবে। তবে আশার কথা রবিবার গ্যাসের সরবরাহ পাওয়ায় এবং সঠিক প্রেসার থাকায় কারখানা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।’
কেপিএম প্রশাসন বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, একবার কারখানা বন্ধ হলে পুনরায় সচল করতে সময় লাগে। তবে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তারা নানা প্রতিকূলতা সত্ত্বেও পুনরায় কারখানা চালু করার জন্য নিরলসভাবে কাজ করেছেন।