বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৩ ২২:০৪ পিএম
আপডেট : ১৯ মে ২০২৩ ২২:১৮ পিএম
মো. রাসেল। প্রবা ফটো
বরগুনায় নিখোঁজের এক দিন পর খালে ভেসে উঠল যুবকের মরদেহ। উদ্ধার হওয়া যুবকের নাম মো. রাসেল। তিনি বরগুনা পৌর শহরের চরকলোনী এলাকার সেকান্দার আলী শিকদারের ছেলে।
শুক্রবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চরকলোনী এলাকার খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকাল থেকে রাসেল নিখোঁজ হয়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে মাছ ধরতে খাকদোন নদীতে যায় রাসেল। সন্ধ্যার পরেও তিনি বাসায় না ফিরলে স্বজনরা তাকে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে খাকদোন নদীতে উদ্ধার অভিযান চালায়। ২ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা যায়নি।
এরপর সন্ধ্যা ৬টার দিকে চরকলোনীর মাহতাব হোসেন মোল্লার বাসার সামনে খালে রাসেলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে মরদেহ উদ্ধার করে।
বরগুনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ’খবর পেয়ে পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে খাকদোন নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। বিকালের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ’বৃহস্পতিবার এক যুবক মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’