ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৩ ২১:৩৬ পিএম
চাঁদা না দেওয়ায় বাড়িঘর হামলা-ভাঙচুর-লুটপাটের অভিযোগ এক ইউপি সদস্যের বিরুদ্ধে। প্রবা ফটো
কিশোরগঞ্জ ভৈরবে নির্মাণাধীন মসজিদের চাদাঁ না দেওয়ায় বাড়িঘর হামলা-ভাঙচুর-লুটপাটের অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। শুক্রবার (১৯ মে) জুম্মা নামাযের সময় উপজেলার বাশঁগাড়ি বনানী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় পাঁচ মাসের অন্তসত্ত্বা এক নারী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত বাদল মিয়া গাজারিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য। ঘটনার প্রতক্ষদর্শী তানভির মিয়া বলেন, বাদল মেম্বারের ছেলেসহ কয়েকজন ১০ হাজার টাকা বাজিতে ক্রিকেট ম্যাচ খেলছিলেন। খেলা নিয়ে তাদের নিজেদের মধ্যে ঝগড়া বাধে। ঝগড়া থামাতে গেলে আমার উপর হামলা করে। এ ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আমজাদ হোসন বাধা দিলে তার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে।
আমজাদ হোসেন বলেন, আমি দীর্ঘ দীন যাবত আমাদের বাড়ির মসজিদ নির্মাণ কাজের সাথে জড়িত। ক্যাশিয়ার হিসেবে বিভিন্নজনের সহযোগতিায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে চারতলা মসজিদ নির্মাণ করেছি। বাদল মেম্বার আমার কাছে তিন/চার মাস আগে ২ লাখ টাকা চাঁদা দারি করে। আজ হঠাৎ করে বাদল মেম্বারের বাড়ির লোকজন খেলা নিয়ে ঝগড়া করে। তাদের বাধা দিলে আমার সাথে বাকবিতন্ডা হয়। ফোনে বাদল মেম্বারকে খবর দিলে তাদের নিয়ে যায়। এ সময় সে আমাকে বলে চাদাঁ দিলে এমনটা হতো না। পরে জু্ম্মা নামাজের জন্য মসজিদে যেতে না যেতেই আমার বাড়ি ঘরে হামলা চালায়।
তিনি অভিযোগ করে বলেন, বাদল মেম্বারসহ তার লোকেরা আমার বসতঘরে ঢুকে মসজিদের নির্মাণের ৮ লাখ ৭৬ হাজার টাকা ও স্ত্রীর ব্যবহৃত ৯ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ঘরে থাকা মালামাল ভাঙচুর করে। আমার স্ত্রী পাচঁ মাসের অন্তসত্ত্বা। সে বাধা দিলে তাকে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্ত ইউপি সদস্য বাদল মিয়া এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানান। ভৈরব থানার ওসি মাকছুদুল আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। বর্তমানের পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।