× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে প্রাইভেট হেলিকপ্টার সেবা চালু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৯ মে ২০২৩ ২০:৪০ পিএম

চট্টগ্রামে প্রাইভেট হেলিকপ্টার সেবা চালু

চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রাইভেট হেলিকপ্টার সেবা চালু করেছে ‘চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিস’। তিনটি হেলিকপ্টার নিয়ে যাত্রা শুরু করা এই সেবার মধ্যে দুটি হেলিকপ্টার চট্টগ্রাম-ঢাকা এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। এ ছাড়া যেকোনো প্রয়োজনে দেশের যেকোনো স্থানে নির্ধারিত ভাড়ায় হেলিকপ্টার দুটি চলবে। আরেকটি হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে জরুরি রোগী পরিবহনের কাজে ভাড়ায় ব্যবহৃত হবে। 

শুক্রবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম মহানগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে এই হেলিকপ্টার সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। 

উদ্বোধন উপলক্ষে আজ ও আগামীকাল ‘চট্টগ্রাম সিটি জয় রাইড’ হিসেবে ছাড় দিয়েছে কর্তৃপক্ষ। জনপ্রতি মাত্র ৪ হাজার ৯৯৯ টাকায় পুরো চট্টগ্রাম নগরী ভ্রমণ করতে পারবেন তারা। 

উদ্বোধন অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘হেলিকপ্টার সাধারণত বিত্তবান সমাজের লোকজন ব্যবহার করে থাকেন। হেলিকপ্টারের আভিজাত্য এবং ব্যয় বিষয়টি সাধারণ জনগণের সাধ্যের বাইরেই রয়ে গেছে- এমন কথাই সমাজে এখনো প্রতিষ্ঠিত। তবে দিন পাল্টেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে জাতি আজ স্বপ্ন দেখছে দিন বদলের। সেই স্বপ্ন পূরণে তরুণ উদ্যোক্তারা সাহস করে চট্টগ্রামে চালু করেছে হেলিকপ্টার সার্ভিস। মাত্র ৪ হাজার ৯৯৯ টাকায় হেলিকপ্টারে চড়তে পারার এই সুযোগ এবং স্বপ্ন অনেকেই পূরণ করবেন বলে আমার বিশ্বাস।’

চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিসের সিইও শাহনেওয়াজ শিপন বলেন, স্বল্প খরচে হেলিকপ্টারে ঘুরে বেড়ানোর এই উদ্যোগ চট্টগ্রামে প্রথম আমরাই চালু করেছি। ৪ হাজার ৯৯৯ টাকায় চট্টগ্রাম ঘুরে দেখা। ৯ হাজার ৯৯৯ টাকায় হেলিকপ্টারে চড়ে চট্টগ্রাম-কক্সবাজার/ চট্টগ্রাম-ঢাকা ভ্রমণ করতে পারা এখন স্বপ্ন নয় বাস্তবতা। সাধারণ মানুষের কথা চিন্তা করে কম খরচে হেলিকপ্টার সার্ভিস চালু করা হয়েছে। 

এ ছাড়া করপোরেট প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক সফর, মিডিয়া হাউজগুলোর জরুরি খবর সংগ্রহ বা জরুরি রোগী পরিবহনে সার্বক্ষণিক সেবা চালু থাকার কথাও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ হাশেম, আবদুর রশিদ লোকমান, ইয়াসির আরাফাত প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা