নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৩ ১৮:১২ পিএম
শুক্রবার আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে পৌরশহরে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। প্রবা ফটো
নেত্রকোণা জেলা বিএনপির সহসভাপতি ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলালসহ বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ মে) দুপুরে কেন্দুয়া পৌরশহরের দরগা মোড় এলাকা থেকে দুলালকে আটক করা হয়।
এছাড়া বৃহস্পতিবার (১৮ মে) রাতে জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান লিটন, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া রুকন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সালাম ও পৌর শ্রমিক দলের আহ্বায়ক শহীদ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
নেতাকর্মীদের আটকের প্রতিবাদে ও মুক্তির দাবিতে পৌরশহরে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।
দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল আগামী সংসদ নির্বাচনে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, পূর্বের একটি মামলায় আটকদের গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোণা আদালতে সোপর্দ করা হয়েছে।