মোংলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৩ ১৭:৫৫ পিএম
আপডেট : ১৯ মে ২০২৩ ১৮:২৭ পিএম
মোংলায় ডেনমার্ক সরকারের মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের অর্থায়নে বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি বাস্তবায়নে কাজ করছে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি। প্রবা ফটো
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। এই সংকট মোকাবিলায় সহজ ও সর্বোত্তম ব্যবস্থা হিসেবে ডেনমার্ক সরকারের মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের অর্থায়নে বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি বাস্তবায়নে কাজ করছে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি।
শুক্রবার (১৯ মে) সকাল ১১টার দিকে এই কর্মসূচির আওতায় বৃষ্টির পানি সংগ্রহের মাধ্যমে নিরাপদ পানি এবং জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধির উদ্যোগ নেয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এ দিন মালগাজী ব্র্যাক অফিসে মোংলা উপজেলার দুই শতাধিক সুবিধাভোগীর মধ্যে প্রয়োজনীয় মালামালসহ পানির ট্যাংক বিতরণ করে সংস্থাটি।
জলবায়ু পরিবর্তন কর্মসূচি ব্র্যাকের মোংলা শাখার প্রজেক্ট ম্যানেজার সফিকুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালায়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্র্যাক মোংলা শাখার এরিয়া ম্যানেজার তৃপ্তী সরদার, এরিয়া ম্যানেজার শাহবুদ্দিন, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার কাজী মেহেদী হাসান, ফিল্ড ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ও অসেশ চাকমা।
ব্র্যাকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ‘ব্র্যাক জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ মানুষের আর্থসামাজিক উন্নতি করছে। তাদের সফলতা কামনা করছি।’
সফিকুর রহমান জানান, মোংলা উপজেলার ছয়টি ইউনিয়নে বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি স্থাপন করা হচ্ছে। জলবায়ু প্রভাবজনিত কারণে নিরাপদ পানিবঞ্চিত মানুষদের জীবনমান উন্নত করাই হলো এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এই ছয়টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের মানুষের জন্য নিরাপদ খাবার পানি সরবরাহ করে যাচ্ছে ব্র্যাক।
যারা জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দরিদ্র ও অতি-দরিদ্র পরিবার ও যাদের বর্তমানে নিরাপদ খাবার পানির সংস্থান নেই, তারাই এ প্রকল্পের মূল সুবিধা ভোগ করতে পারবেন বলেও জানান তিনি।
প্রকল্পটি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত ঝুঁকি মোকাবিলায় টেকসই উন্নয়নকে প্রাধান্য দিয়ে জলবায়ুজনিত ঝুঁকিতে থাকা দরিদ্র ও অতি-দরিদ্র পরিবারের নিরাপদ খাবার পানির উৎস তৈরির মাধ্যমে ওই পরিবারগুলোর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করবে, যা সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৬) অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।
ব্র্যাক ২০১৯ সাল থেকে মোংলা উপজেলার জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের জন্য কাজ করে আসছে। ২০১৯ সালে ব্র্যাক কমিউনিটি পর্যায়ে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন করা। ২০২০ ও ২১ সালে খানা বা পরিবার পর্যায়ে ১ হাজার ২৭৫টি বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি স্থাপন করে। ২০২২ সালে খানা বা পরিবার পর্যায়ে ১ হাজার ২০০টি পাবলিক বিল্ডিং বা প্রতিষ্ঠান পর্যায়ে পাঁচটি এবং স্বাস্থ্যকেন্দ্র পর্যায়ে একটি বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি স্থাপন করে।
চলতি বছর ২০২৩ সালে খানা বা পরিবার পর্যায়ে ৩ হাজারটি, পাবলিক বা প্রতিষ্ঠান পর্যায়ে ১৫টি এবং স্বাস্থ্যকেন্দ্র পর্যায়ে পাঁচটি বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি এবং দুটি কমিউনিটি পর্যায়ে ভূ-উপরিভাগের পানি পরিশোধনের টার্গেট রয়েছে।