শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৩ ২১:০৪ পিএম
আপডেট : ১৮ মে ২০২৩ ২১:৩৩ পিএম
শরণখোলা উপজেলা শান্তি সম্প্রীতি সহায়ক গ্রুপের (পিএফজি) আয়োজনে মানববন্ধন। প্রবা ফটো
বাগেরহাটের শরণখোলায় রাজনৈতিক দলগুলোর সংঘাতহীন শান্তিপূর্ণ সহাবস্থানের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
শরণখোলা উপজেলা শান্তি সম্প্রীতি সহায়ক গ্রুপের (পিএফজি) আয়োজনে বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে রায়েন্দা বাজার শেরে বাংলারোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবিসহ বিভিন্ন সামাজিক ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনের পরে ‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই’ প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিএফজির সমন্বয়ক শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন।
এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা খান মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেজবা উদ্দিন খোকন, আব্দুল ওয়াদুদ আকন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু জাফর জব্বার, জাতীয় পার্টির সভাপতি বদরুজ্জামান আবু গাজী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সম্পাদক রতন কুমার দাস, সাংবাদিক নজরুল ইসলাম, বিএনপি নেত্রী নিলুফার ইয়াসমিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক শামিম শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শরণখোলা উপজেলায় আগামী নির্বাচনগুলোতে সংঘাতহীন শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের অঙ্গীকার করেন।