পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩ ২০:০৮ পিএম
আপডেট : ১৭ মে ২০২৩ ২০:২৫ পিএম
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল। প্রবা ফটো
পঞ্চগড়ের আটোয়ারীতে গলায় খোসাসহ লিচু আটকে রায়হান নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা কোটগছ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু রায়হান ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ’শিশুটির মা দুপুরে বাড়ির গাছের কয়েকটি লিচু তাকে খেতে দেন। এ সময় রায়হান হঠাৎ একটি লিচু খোসাসহ মুখে দিলে গলায় আটকে যায়। তাৎক্ষণিক শিশুটি শ্বাসকষ্টে অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারহানা সুলতানা মিলি তাকে মৃত ঘোষণা করেন।‘
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দীন বলেন, ’শিশুটির মরদেহ সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’