কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৩ ১৮:৫৫ পিএম
আপডেট : ১৬ মে ২০২৩ ২৩:২২ পিএম
ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেন্টমার্টিনে মাটির সঙ্গে মিশে গেছে বায়তুন নুর জামে মসজিদ। প্রবা ফটো
‘দূর-দূরান্ত থেকে মুসল্লিরা এসে নামাজ আদায় করতেন এই মসজিদে। ইবাদত বন্দেগি করতেন। হঠাৎ মোখার তাণ্ডবে মসজিদটি মাটির সঙ্গে মিশে নামাজ পড়ার অনুপযোগী হয়ে পড়েছে। ঝড়ের দিন থেকে এই মসজিদে আজান হচ্ছে না। মুসল্লিরা ইবাদত করতে পারছেন না।’
কথাগুলো বলছিলেন বায়তুন নুর জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম। মসজিদটির অবস্থান প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোনারপাড়া এলাকায়।
মাওলানা রফিকুল ইসলাম আরও বলেন, ‘শুধু এই মসজিদ নয়, পাশের ৪ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া আমিরুল মুয়াবিয়াহ মাদ্রাসা ভেঙে গেছে। শিগগিরই মেরামতের ব্যবস্থা না হলে পাঠদানে ব্যাঘাত ঘটবে।’
মোখার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে কোনারপাড়ার সেন্টমার্টিন ক্রিড প্রাথমিক বিদ্যালয়ও। দুই শিফটে চারটি কক্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হতো স্কুলটিতে।
বিদ্যালয়টির উপদেষ্টা আবদুর রহমান জানান, মেরামত বা পুনর্নির্মাণের তহবিল নেই। স্কুলটি ঢাকার এক ব্যক্তি তার একটি সংস্থার নাম দিয়ে পরিচালনা করেন। স্কুল পরিচালনা পরিষদের প্রধান চেষ্টা করছেন, তহবিল সংগ্রহ করে স্কুল ভবন মেরামত করার জন্য।