মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৬ মে ২০২৩ ১৭:১৫ পিএম
আপডেট : ১৬ মে ২০২৩ ১৭:২৫ পিএম
কিশোরগঞ্জে নিজের ১৪ বছর বয়সি মেয়েকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সি বাবাকে গ্রেপ্তার করেছে র্যাব। ‘ধর্ষণে’ ২৮ সপ্তাহের গর্ভবতী হয়ে পড়ে ওই কিশোরী।
মঙ্গলবার (১৬ মে) ভোরে সদর উপজেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪-এর সিপিসি-২ সদস্যরা।
কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের উপপরিচালক কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
র্যাব জানায়, ২০২২ সালের ৫ নভেম্বর আবদুল হক (ছদ্মনাম) তার কিশোরী মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনার বিষয়ে কাউকে কিছু না জানানোর জন্য মেয়েকে ভয়ভীতিও দেখান। এভাবে একাধিকবার তাকে ধর্ষণ করলেও ভয়ে কাউকে কিছু জানায়নি কিশোরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই কিশোরীর শারীরিক পরিবর্তন ঘটলে বিষয়টি পরিবারের মধ্যে জানাজানি হয়। গতকাল সোমবার কিশোরীকে হাসপাতালে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করালে ২৮ সপ্তাহের গর্ভবতী বলে রিপোর্ট আসে।
পরে কিশোরীর বড় ভাই বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় তার বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করলে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে ভোরে আসামিকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপপরিচালক কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার মাহমুদ খান বলেন, ’মামলার ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’