কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৯:০৯ পিএম
আপডেট : ১৫ মে ২০২৩ ১৯:৩০ পিএম
ফাইল ফটো
গ্যাস সরবরাহ না থাকায় বন্ধ হয়ে গেছে রাঙামাটির কাপ্তাইয়ের কাগজ তৈরি প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) উৎপাদন কার্যক্রম। এলএনজি গ্যাস সরবারহ বন্ধ করে দেওয়ার পর রবিবার (১৪ মে) ভোর ৫টা থেকে মিলটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ব্যালট ছাপাতে প্রায় ৭০০ মেট্রিক টন কাগজের চাহিদা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের চাহিদা পূরণ করতে কেপিএম ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পুরোদমে কারখানার কাগজ উৎপাদন করে যাচ্ছিল। এ সময় গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় কারখানার কাগজ উৎপাদনও বন্ধ হয়ে যায়। এতে সঠিক সময়ে কাগজ সরবরাহ করাটাও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুজ্জামান জানান, গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ফলে গত রবিবার থেকে আমাদের কারখানার উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। এর আগে পুরোদমে কারখানায় কাগজ উৎপাদন হচ্ছিল। তবে গ্যাস সরবারহ চালু করা হলে আমরা আবার দ্রুত উৎপাদনে ফিরব।