চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৩ ১২:২৪ পিএম
আপডেট : ১৫ মে ২০২৩ ১২:৪৮ পিএম
ঘূর্ণিঝড় মোখার কারণে প্রায় ৬০ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-ঢাকাসহ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। অতিপ্রবল ঘূর্ণিঝড়টি উপকূল পেরিয়ে যাওয়ায় ও মহাবিপদ সংকেত তুলে নেওয়ার পর সোমবার (১৫ মে) সকাল থেকে লঞ্চ চলাচল চালু হয়।
এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে গত শুক্রবার রাতে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, লঞ্চ চলাচল শুরু হলেও ঘাটে যাত্রীসংখ্যা কম। এখন শিডিউল ঠিক নেই। তবে যাত্রী এলে কোনো সমস্যা হবে না। ঘাটে একাধিক লঞ্চ অবস্থান করছে। বেলা ১১টায় আবে জম জম-১ লঞ্চটি সদরঘাটের উদ্দেশে চাঁদপুর থেকে ছেড়ে গেছে।