নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৩ ২০:৩৯ পিএম
আপডেট : ১৪ মে ২০২৩ ২৩:৫২ পিএম
প্রতীকী ছবি।
নরসিংদীর পলাশে চোর সন্দেহে রাজন মিয়া নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৪মে) ভোরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা মহল্লায় এই ঘটনা ঘটে। রাজন উপজেলার উত্তর চরপাড়া গ্রামের ফাইজউদ্দিন মিয়ার ছেলে। এ সময় গণপিটুনিতে আহত হয়েছে ইয়াছিন নামে অপর এক কিশোর।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. ইলিয়াছ এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, শনিবার রাত ৩টার দিকে ঘোড়াশাল পাইকসা মহল্লার সোবাহান মিয়ার বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় বাড়ির লোকজন ওই দুই কিশোরকে আটক করে। পরে চোর সন্দেহে তারা রাজন ও ইয়াছিনকে পিটিয়ে আহত করেন। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হলে মরদেহটি বাড়ির পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোপে ফেলে রাখেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত ইয়াছিনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মো. ইলিয়াছ জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে।