চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৩ ১৯:৫৯ পিএম
আপডেট : ১৩ মে ২০২৩ ২০:৩৮ পিএম
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে শনিবার সংবাদ সম্মেলন করেন এমপি আব্দুল ওদুদ। প্রবা ফটো
‘কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে আমাকে ভূমিদস্যু বলা হচ্ছে, সন্ত্রাসীর গডফাদার বলা হচ্ছে। কথা দিচ্ছি, এসব কেউ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব।’ এসব বলছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে তাকে ভূমিদস্যু ও সন্ত্রাসীর গডফাদার আখ্যায়িত করে সংবাদ প্রকাশিত হয়। শনিবার (১৩ মে) জেলা শহরের ওয়ালটন মোড়ে নাহালা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ জানান তিনি।
আব্দুল ওদুদ বলেন, ‘সন্ত্রাসীর গডফাদার কাকে বলে? যারা সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, থানা কিংবা আদালতে সুপারিশ করে। আমার অহংকার, এমন কারও জন্য কোথাও কোনো সুপারিশ করিনি। কেউ প্রমাণ দিতে পারবে না।’
তার ভাষ্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে তার দ্বন্দ্ব রয়েছে। তা ছাড়া হারুন তার রাজনৈতিক প্রতিপক্ষ। এ ছাড়া কারও সঙ্গে তার দ্বন্দ্ব নেই। কেউ প্রমাণ করতে পারবে না আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে তিনি কারও ১ কাঠা জমি দখলে নিয়েছেন।
আব্দুল ওদুদ বলেন, ‘পারিবারিক সম্পত্তি নিয়ে মামলা আছে। এসব নিয়ে আমি কারও বিরুদ্ধে বা অন্য কেউ আমার বিরুদ্ধে আইনের আশ্রয় নিতেই পারে। এর বাইরে কারও সম্পত্তি দখলের অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না। কথা দিচ্ছি, এমন কিছু প্রমাণ হলে আমি রাজনীতি ছেড়ে দেব।’
তার দাবি, কোনো ঠিকাদারি বা সরকারি প্রতিষ্ঠান থেকে কাজ ভাগিয়ে দিতে কারও জন্য কখনও তদবির করেননি। টেন্ডার পাইয়ে দিতে কারও কাছ থেকে চাঁদা নেননি। আব্দুল ওদুদ বলেন, ‘আমি জোর গলায় বলছি এসব প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেব।’
সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।