রাজশাহী অফিস
প্রকাশ : ১৩ মে ২০২৩ ১৯:২৪ পিএম
আপডেট : ১৩ মে ২০২৩ ১৯:৫০ পিএম
কোন দলের গ্রহণযোগ্যতা কতটুকু তা নির্ণয়ের একমাত্র মাপকাঠি নির্বাচন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শনিবার (১৩ মে) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের স্মৃতি বিজড়িত রাজশাহীর তানোর-গোদাগাড়ীর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসন্ন রাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত প্রার্থী হিসেবে মেয়র পদে ফের নির্বাচন করবেন এএইচএম খায়রুজ্জামান লিটন।
লিটন বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনে আসতে ভয় পায়। তারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। তাদেরকে অনেকবার নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। কিন্তু তারা নির্বাচনে না এসে আবারও ২০১৪-১৫ সালের মতো দেশে জ্বালাও-পোড়াও রাজনৈতিক অবস্থা তৈরি করতে চাচ্ছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লিটন বলেন, বিএনপি-জামায়াত তাদের পুরাতন খেলা আবার খেলছে। তারা নির্বাচনে আসতে চায় না, তারা নির্বাচনকে বিতর্কিত করতে চায়। তাদের শর্ত মেনে নিলে তারা নির্বাচনে আসবে। কিন্তু তাদের শর্ত মানার মতো নয়। তাদের শর্ত অসাংবিধানিক, সেটি মামার বাড়ির আবদার বলে জাতির কাছে মনে হচ্ছে। তাদের দাবি হচ্ছে নির্বাচনকালীন সরকার হবে তত্ত্বাবধায়ক সরকার। অথচ সংবিধান বলছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। দেশের সর্বোচ্চ আদালত বলে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আর প্রয়োজন নেই। ভারত, ইংল্যান্ডসহ উন্নত দেশে যেভাবে নির্বাচনকালীন সরকার হয়। সেইভাবেই সরকার হবে, তার প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি উন্নত, সভ্য গণতান্ত্রিক দেশে যেভাবে হয়। আমরা এখন যথেষ্ট উন্নত। আয়ের দিক দিয়েও একট পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের কাউকে মাঝখানে রেখে ভোট করতে হবে সেই বাস্তবতা নেই।
তিনি বলেন, বিএনপি ২০১৪ সালে নির্বাচনে আসেনি। এরপর তারা জ্বালাও-পোড়াও আন্দোলন করেছে, মানুষের সর্বনাশ করেছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। যারা অগ্নিদগ্ধ তারা বুঝছে পুড়ে যাওয়ার কষ্ট। তারা আবারও মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। সেটি কি সম্ভব? ২০১৪ সালে নির্বাচন বন্ধ করতে পেরেছিলেন? পারেননি। নির্বাচন থেমে থাকেনি। এবারও থেমে থাকবে না।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. বদরুজ্জামান রবু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, কাকনহাট পৌরসভার মেয়র একেএম আতাউর রহমান, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাড. একরামুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাড. মকবুল হোসেন খান, সাবেক সচিব জিল্লার রহমান, ইঞ্জিনিয়ার শামসুল আলম, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আকতারুজ্জামান আখতার, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী, রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ মো. তাজবুল হক, রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, কামারগাঁ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুসলেম উদ্দিন।
সঞ্চালনায় করেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।