প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৩ ১৯:৫২ পিএম
আপডেট : ১০ মে ২০২৩ ২০:০৯ পিএম
অক্সফ্যামের ৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অথিতিরা। প্রবা ফটো
বিশ্বব্যাপী দারিদ্র্য ও বৈষম্যের অবসান ঘটাতে আইএনজিও অক্সফ্যাম ৫০তম বার্ষিকী উদযাপন করেছে। অনুষ্ঠানে সংস্থাটি উন্নয়ন ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমকে তুলে ধরার পাশাপাশি আগামী পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করে।
বুধবার (১০ মে) ঢাকার রেডিসন ব্লু-ওয়াটার গার্ডেন হোটেলে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে দেন বাংলাদেশে অক্সফ্যামের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে।
সংস্থাটির অর্জনের বিভিন্ন দিক নিয়ে তিনি বলেন, ‘গত ৫০ বছরে অক্সফ্যাম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সংকটে সাড়া দিয়েছে। দরিদ্র্যদের ক্ষমতায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। বাংলাদেশের ক্ষেত্রেও এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত ছিল। আমরা অনেক কিছু অর্জন করেছি। কিন্তু এখনও অনেক কিছু করার আছে। আমরা এমন একটি বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সবাই দারিদ্র্য ও অবিচার থেকে মুক্ত থেকে সুস্থ ও সুন্দর জীবন ধারণ করতে পারবে।’
অনুষ্ঠানে মানবিক প্রতিক্রিয়া, অর্থনৈতিক ন্যায়বিচার, নারীর অধিকার এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে অক্সফ্যামের কার্যক্রমকে আলোকপাত করে ছবির প্রদর্শনীর আয়োজন ছিল। অনুষ্ঠানে থিয়েটারের নাটক ‘কোকিলারা’ মঞ্চায়িত হয়, যেখানে ব নাট্য অভিনেতা ফেরদৌসী মজুমদার তার অসাধারণ অভিনয়ে মুগ্ধ করেন দর্শকদেরকে। উল্লেখ্য শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য অক্সফ্যামের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, জুলিয়ান ফ্রান্সিস, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, লন্ডন টি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী শেখ আলীউর রহমান, বিএনপিএসের নির্বাহী পরিচালক রোকেয়া কবির, অক্সফ্যাম বাংলাদেশের সাবেক কান্ট্রি ডিরেক্টর সেলিনা শেলী খান প্রমূখ।