কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৩ ১৯:৪৭ পিএম
সহকর্মীর ছুরিকাঘাতে নিহত মারুফ। প্রবা ফটো
কুমিল্লার সদর দক্ষিণে বখশিশের ১০০ টাকার দ্বন্দ্বে সহকর্মীর ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। উপজেলার বেলতলী বাজার সংলগ্ন এসকে পেট্রোল পাম্পে বুধবার (১০ মে) সকালে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মারুফ। তিনি উপজেলার বিজয়পুর ইউনিয়নের হাড়াতলী ঘোষগাঁও গ্রামের প্রয়াত হাফিজের ছেলে।
অভিযুক্ত রাব্বি পলাতক রয়েছেন। তিনি বেলতলী বাজার সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের শাহজানের ছেলে। তারা দুজনই এসকে পেট্রোল পাম্পের কর্মচারী।
পাম্প সূত্রে জানা গেছে, রাব্বি ও মারুফ একজনের কাছ থেকে ১০০ টাকা বকশিশ পান। ওই টাকা নিয়ে তাদের দ্বন্দ্বের জেরে খুন করে রাব্বি।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, পাম্পের ভেতর বসে আছে রাব্বী ও তার সঙ্গের দুজন। এ সময় সবুজ রঙের টি-শার্ট পরা মারুফ পানির বোতল থেকে পানি খেতে খেতে নীল রঙের টি-শার্ট পরা রাব্বিকে কিছু বলছিলেন। পরে রাব্বি উত্তেজিত হয়ে যায় এবং তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় মারুফ পাশে ঝোলানো একটি ছাতা হাতে নিয়ে তাকে ধমক দেন। পরে রাব্বী স্বাভাবিকভাবে হেঁটে পাম্পের ভেতরের একটি কক্ষ থেকে ফল কাটার ছুরি এনে মারুফের বুকে তিনবার ছুরিকাঘাত করেন। পরপর আঘাতে মারুফ অন্য জায়গায় চলে গেলেও আর দাঁড়িয়ে থাকতে পারেননি। রক্তক্ষরণে পাম্পেই মারা যান। পরে রাব্বি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাব্বিকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।