চুয়াডাঙ্গা সংবাদদাতা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১২:২০ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১২:২৯ পিএম
মণ্ডপে প্রতিমা তৈরির কাজ করছেন কারিগররা। ছবি : প্রবা
আগামী পয়লা অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান এবং সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় ১২৩টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। প্রতিমা তৈরি, মণ্ডপ সাজানোর যাবতীয় কাজ শেষ করার ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির শিল্পীরা।
চুয়াডাঙ্গা জেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর চুয়াডাঙ্গার চারটি উপজেলায় সর্বমোট ১২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদরে ২৩টি, আলমডাঙ্গায় ৪২টি, দামুড়হুদায় ৩২টি এবং জীবননগরে ২৬টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা।
জেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রায় সব মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বেশির ভাগ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ। বাকি শুধু রঙ ও সাজসজ্জার কাজ। উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে চলছে ব্যাপক প্রস্তুতি।

জেলার পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি কিশোর কুমার আগরওয়ালা জানান, দুর্গাপূজা উদযাপনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ। এখন চলছে রঙ ও সাজসজ্জার প্রস্তুতি। স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিমা তৈরির শিল্পীরা কাজে ব্যস্ত সময় পার করছেন। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করছি।
দাসপাড়া মন্দিরের প্রতিমা তৈরির কারিগর দীপু দাস বলেন, মাত্র কয়েক দিন বাকি আছে দুর্গাপূজার। কাদামাটি আর খড় দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ প্রায় শেষের দিকে। এখন বাকি রঙ-তুলি ও সাজসজ্জার কাজ। এক সপ্তাহ পর রঙসহ সাজসজ্জার যাবতীয় কাজ শেষ হবে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন জানান, জেলার সবকয়টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ-সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করে যাবতীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। পূজা উদযাপনকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপদ রাখতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার থাকবে এবং পূজামণ্ডপগুলোকে নিরাপত্তার চাঁদরে ঢেকে রাখা হবে।