চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৩ ২৩:২৬ পিএম
আপডেট : ০৯ মে ২০২৩ ২৩:৩৯ পিএম
তেু এলাকায় মরদেহ নিয়ে সড়ক অবরোধ। প্রবা ফটো
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজায় মরদেহ বহনকারী ট্রাকের টোল চাওয়াকে কেন্দ্র করে টোল আদায়কারী কর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ মে) বিকালে রেহাইচর এলাকায় অবস্থিত মহানন্দা নদীর ওপর নির্মিত সেতুর টোল প্লাজায় এই ঘটনা ঘটে।
এ সময় দুজনকে আটক করেছে সদর মডেল পুলিশ। আটক ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম ও আব্দুস সোবহান। তারা দুজনই সেতুর টোল প্লাজার কর্মী।
প্রতক্ষদর্শীরা জানান, গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর মহল্লার প্রেম লাল চৌধুরী মারা যান। শেষকৃত্যের জন্য তার মরদেহ ট্রাকে করে শিবগঞ্জ পৌর এলাকার তর্তিপুরের শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছিলেন তার পরিবার ও সতীর্থরা।
পথে মহানন্দা সেতুতে টোল আদায়কারীরা ট্রাকের টোল চান, কিন্তু তারা দিতে রাজি হন না। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। তখন ট্রাকের লোকজন মরদেহ সড়কে নামিয়ে কিছুক্ষণের জন্য অবরোধ করেন। এ সময় তাদের সঙ্গে টোল প্লাজার কর্মীদের হাতাহাতি হয়। এ ঘটনায় সড়কটিতে কিছু সময় যান চলাচল ব্যহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ বহনকরী একটি ট্রাকের টোল আদায় নিয়ে টোল আদায়কারীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া দুই পক্ষেরই কয়েজন আহত হয়েছেন। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।