বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৫:২৩ পিএম
আপডেট : ০৯ মে ২০২৩ ১৭:৪২ পিএম
ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে মরদেহগুলো হস্তান্তর করা হয়। প্রবা ফটো
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় গুলিবিদ্ধ মরদেহগুলো পরিবারে হস্তান্তর করেছে পুলিশ। বাহিনীটি বলছে, নিহত সবাই সংখ্যালঘু জাতিসত্তা বম জনগোষ্ঠীর। তাদের মধ্যে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা। অন্য দুজন মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।
ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (৯ মে) দুপুরে বম সোশ্যাল কাউন্সিলের (বিএসসি) সভাপতি জারলম বমের কাছে মরদেহগুলো তুলে দেওয়া হয়।
নিহতরা হলেন রোয়াংছড়ি উপজেলার রৌনিন পাড়ার লিয়ান থন বমের ছেলে লাল লিয়ান বম, নন দাও বমের ছেলে সিমলিয়ান থাং বম ও দৌখার বমের ছেলে নেমথাং বম। তাদের মধ্যে নেমথাং বম রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অন্য দুজন মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।
রোয়াংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহগুলো বিএসসির সভাপতির কাছে তুলে দেওয়া হয়েছে। তাদের মৃত্যুর ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বম সোশ্যাল কাউন্সিলের (বিএসসি) সভাপতি জারলম বম বলেন, ‘পরিবারের সদস্য ও বম সোশ্যাল কাউন্সিলের নেতাদের উপস্থিতিতে মরদেহগুলো বুঝে নিয়েছি।’
এর আগে সোমবার (৮ মে) রোয়াংছড়ি উপজেলার পাইংক্ষ্যংপাড়ায় মরদেহগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে এদিন বিকালে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ওই এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়।
বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘ধারণা করছি পাহাড়ি সন্ত্রাসীদের গোলাগুলিতে তারা মারা গেছেন। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’