চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৪:০৬ পিএম
আপডেট : ০৯ মে ২০২৩ ১৪:১১ পিএম
পাহাড়তলী থানা। ফাইল ফটো
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীর বিটেক মোড় এলাকায় ছুরিকাঘাতে দুই যুবক খুনের ঘটনায় সাত জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) সকালে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার রাতভর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে চার জনের নাম জানা গেছে। তারা হলেন- মো. ইলিয়াছ, কার্তিক, মো. সাগর, মো. ইয়াসিন।
ছুরিকাঘাতে নিহতরা হলেন- মো. মাসুম ও মো. সজীব। তারা দুজনই ছিলেন শ্রমিক।
ওসি জানান, সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে দুই দল যুবক আড্ডা দেওয়ার সময় এক মেয়ে বন্ধুকে নিয়ে বাজে মন্তব্য করার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাসুম ও সবুজ নামে দুই যুবককে ছুরিকাঘাত করা হয়। পরে তাদের গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।