সিলেট সিটি নির্বাচন
সিলেট অফিস
প্রকাশ : ০৮ মে ২০২৩ ২১:৫১ পিএম
আপডেট : ০৮ মে ২০২৩ ২২:৩২ পিএম
ওসমানী বিমানবন্দর থেকে মোটর-শোভাযাত্রা করে জাপা প্রার্থীকে নেওয়া হয় দলীয় কার্যালয়ে। প্রবা ফটো
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে জাতীয় পার্টি (জাপা) বিভিন্ন সময় আপত্তি তুললেও সিলেট সিটি নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থীর কোনো ভয় নেই।
জাপা প্রার্থী ও দলের সিলেট মহানগরের আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেছেন, ‘চুরি তো ব্যালটেও হয়। দিনের ভোট রাতে হয়ে যায়। তাই ইভিএম নিয়ে আমার আলাদা কোনো ভয় নেই। আশা করি, নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের আয়োজন করবে। কারণ এই পূণ্যভূমিতে চুরি করে কেউ পার পাবে না।’
সোমবার (৮ মে) বিকালে ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বাবুল।
বিমানবন্দরে মহানগর জাপা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। সংবর্ধনার পর মোটর-শোভাযাত্রাসহ দলীয় প্রার্থীকে নগরীর আলমপুরে মহানগর জাপার অস্থায়ী কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সিলেটে পৌঁছে বাবুল বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের দুবার করে (মেয়র পদে) বিজয়ী করেছেন এই নগরের মানুষ। কিন্তু তারা কাঙ্ক্ষিত উন্নয়ন পাননি। তাই এবার তারা পরিবর্তন চান। পরিবর্তনকামী জনগণ এবার জাতীয় পার্টিকেই বেছে নেবে।’
গত ৪ মে শিল্পপতি বাবুলকে সিসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেয় জাপা। এরপর শনিবার তার হাতে মনোনয়নপত্র তুলে দেন জাপার চেয়ারম্যান জিএম কাদের।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বাবুল বলেন, ’জাতীয় পার্টির পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। ভোটেই তার প্রমাণ পাওয়া যাবে।’ মেয়র নির্বাচিত হলে সিলেটকে নান্দনিক নগরীতে রূপান্তর করে নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করার আশ্বাসও দিয়েছেন লাঙ্গলের প্রার্থী।
মোটর-শোভাযাত্রা করে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে সিসিক নির্বাচনে রিটার্নিং অফিসার কার্যালয়ের মিডিয়া অফিসার সৈয়দ কামাল হোসেন বলেন, ‘এই বিষয়গুলো দেখার জন্য আপাতত তিনজন ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। প্রতীক বরাদ্দের পর ১৪ জন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবেন।’
ওসমানীতে সংবর্ধনার সময় উপস্থিত ছিলেন, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বারাকাত, জেলা যুব সংহতির আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি মো. সুফিয়ান খান, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার, মহানগর জাপার সাবেক যুগ্ম সম্পাদক সেবুল তালুকদার, জেলা জাপার সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ।