গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৩ ২১:১৭ পিএম
আপডেট : ০৯ মে ২০২৩ ০০:৪৫ এএম
ফয়সাল আহমেদ সরকার।
গাজীপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হতে যাচ্ছেন ফয়সাল আহমেদ সরকার। তিনি বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের মহানগর কমিটির আহ্বায়ক বলে জানা গেছে।
এই সিটির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার (৮ মে)। এদিন ১৫ নম্বর ওয়ার্ডের চারজন প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে একমাত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর হবেন ফয়সাল আহমেদ।
গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ১৫ নম্বর ওয়ার্ডে চারজন বৈধ প্রার্থী ছিলেন। এরমধ্যে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।’
ফয়সাল আহমেদ সরকার বলেন, ‘১৫ নম্বর ওয়ার্ডের ভোটারদের প্রতি কৃতজ্ঞ। নির্বাচনে যারা আমার সঙ্গে প্রার্থী হয়েছিলেন তাদের সঙ্গে পরামর্শ করে একটি মাদকমুক্ত, পরিচ্ছন্ন, আধুনিক ও স্মার্ট ওয়ার্ড গড়ে তুলব। এ কাজে সবার সহযোগিতা চাই।’
৩ এপ্রিল ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৭ এপ্রিল, বাছাই হয়েছে ৩০ এপ্রিল, বাছাইয়ের বিরুদ্ধে আপিল হয় ২ থেকে ৪ মে, আপিল নিষ্পত্তি হয় ৫ থেকে ৭ মে। প্রার্থিতা প্রত্যাহার হয় ৮ মে। প্রতীক বরাদ্দ হবে ৯ মে। ইভিএমে ভোটগ্রহণ হবে ২৫ মে।