× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট সিটি নির্বাচন

নীরবে নৌকার প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

সিলেট অফিস

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১৮:৫৭ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ১৯:৩০ পিএম

ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত

ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে অনেকটা নীরবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। সোমবার (৮ মে) সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নৌকার প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিকালে দলীয় প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা বা মহানগর আওয়ামী লীগের কোনো নেতাকে দেখা যায়নি। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিষয়টি জানার পর এ নিয়ে আলোচনা শুরু হয়।

সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ’প্রতিনিধির মাধ্যমে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’ এ বিষয়ে প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সিসিক নির্বাচনে নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন। এই প্রতিবেদককে তিনি বলেন, ‘আপনার মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি জানতে পারলাম। অতি উৎসাহী কেউ হয়তো সংগ্রহ করেছেন। এই বিষয়ে প্রার্থীর কোনো দোষ আছে বলে মনে করি না।‘

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে নৌকার প্রার্থীর প্রচার উপকমিটির আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। এ ছাড়া মিডিয়া উপকমিটির সদস্য সচিব ও মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রাথমিকভাবে কোনো তথ্য দিতে পারেননি। কিছুক্ষণ পর তিনি মোবাইল ফোনে জানান, দলীয় প্রার্থীর ব্যক্তিগত স্টাফ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি সবাইকে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন।

সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, এখন পর্যন্ত মেয়র পদে দলীয় দুইজন এবং স্বতন্ত্র তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত রবিবার দলীয় মনোনীত প্রার্থীদের মধ্যে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান মনোনয়ন সংগ্রহ করেন। স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান ও সামছুন নুর তালুকদার।


রবিবার সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের নিয়ে ৪২টি সাধারণ ওয়ার্ডে ২৪৯ জন এবং ১৪টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৭২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রিটার্নিং অফিসার কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা কামাল হোসেন জানান, আগামী ২৩ মে পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। আগামী ২৫ মে মনোনয়নপত্র বাছাই এবং ১ জুন মনোনয়ন প্রত্যাহার করা যাবে। আগামী ২১ জুন ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা