রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৩ ১২:৪২ পিএম
আপডেট : ০৮ মে ২০২৩ ১৪:১৭ পিএম
কাচালং সেতুর পাটাতন ভেঙে রাঙামাটির বাঘাইছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবা ফটো
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সেতুর পাটাতন ভেঙে পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সোমবার (৮ মে) সকালে সীমান্ত সড়ক নির্মাণের জন্য নিয়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক সেতুতে ওঠার পরপরই পাটাতন ভেঙে নিচে পড়ে যায়। এতে সেতুর দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যাত্রী ও সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে।
জানা গেছে, পুরাতন সেতুর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০১৬ সালের ১১ জানুয়ারি নতুন সেতুর কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। ২০১৯ সালের জানুয়ারিতে কাজ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ সাত বছরেও শেষ হয়নি সেতুর কাজ। তাই ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়ে যান চলাচল করতে হচ্ছে পুরোনো সেতুতে।
স্থানীয়রা জানান, সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এর আগেও দুবার গার্ডার ভেঙে পড়েছিল। সেতু ভেঙে পড়ার সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম। এ সময় তিনি নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
খাগড়াছড়ি সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ১১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ ২০১৬ সালের ১১ জানুয়ারি এ সেতু তৈরির কাজ শুরু করে। ২০১৯ সালের ১ জানুয়ারি কাজ শেষ করার কথা ছিল। কুমিল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স সেতুটি নির্মাণ করছে। নির্মাণাধীন অবস্থায় এর আগেও একবার এ সেতুর গার্ডারটি ভেঙে পড়ে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ‘পাটাতন ভাঙার সংবাদ পাওয়ার পরপরই আমাদের সব ইউনিটকে কাজে নামিয়েছি। অল্প সময়ের মধ্যে সেতু মেরামতের কাজ শুরু করব। নতুন সেতুর কাজ শেষ হয়েছে, সংযোগ সড়কের কাজ কিছু বাকি রয়েছে, সেটি দ্রুতই শেষ হবে।’