গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৩ ১২:১৪ পিএম
আপডেট : ০৮ মে ২০২৩ ১৩:৩৫ পিএম
ফাইল ফটো
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের ছয় দিন পর এক নারী হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া হাজতির নাম যমুনা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মরণ মিয়ার স্ত্রী। যমুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২ মে গ্রেপ্তার হন।
কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার ওবায়দুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদক মামলায় নরসিংদী কারাগার থেকে ৫ মে চিকিৎসার জন্য যমুনা বেগমকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ওইদিনই তাকে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে রাতে তাকে কারাগারে ফেরত নিয়ে আসা হয়।
পরদিন ৬ মে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়েছে।
জেল সুপার বলেন, নিহত হাজতির পরিবারকে খবর দেওয়া হয়েছে। কারা প্রক্রিয়া শেষে লাশ পরিবারে হস্তান্তর করা হবে।