নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৮:১০ পিএম
আপডেট : ০৭ মে ২০২৩ ১৯:০৩ পিএম
মুক্তি রাণী বর্মণের বাবা-মার হাতে আর্থিক সহযোগিতা তুলে দিচ্ছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। প্রবা ফটো
প্রেমে সাড়া না দেওয়ায় নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামের স্কুলছাত্রী মুক্তি রাণী বর্মণের হত্যাকারীর বিচার হবে বলে আশ্বাস দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
রবিবার (৭ মে) দুপুরে প্রতিমন্ত্রী মুক্তি রাণী বর্মণদের বাড়িতে গিয়ে এ প্রতিশ্রুতি দেন। তিনি মুক্তি রাণী বর্মণের মা-বাবাসহ অন্যদের সঙ্গে কথা বলেন ও সমবেদনা জ্ঞাপন করেন।
প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় সর্বোচ্চ আইনের শাসন চান। কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোনো দুষ্কৃতিকারী কোনো অপকর্ম করে পার পাবে না। তাকে শাস্তি পেতেই হবে। শেখ হাসিনা চান দেশের সবাই শান্তিতে থাকবে এবং স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে।
মুক্তি রাণী বর্মণের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে সব সময় পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
গত মঙ্গলবার বিকালে প্রেমনগর ছালিপুরা গ্রামের দশম শ্রেণির শিক্ষার্থী মুক্তি রাণী বর্মণকে কুপিয়ে আহত করে কাউছার মিয়া নামের এক যুবক। পরে তাকে প্রথমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যেই কাউছারকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ। মুক্তির বাবা বাদী হয়ে কাউছারের বিরুদ্ধে মামলা করার পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় সে মুক্তি রাণী বর্মণকে কুপিয়ে হত্যা করে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।