সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৬:১২ পিএম
আপডেট : ০৭ মে ২০২৩ ১৬:৪২ পিএম
বেইলি সেতুর কাছে নদী ভরাট করে চলছে নির্মাণকাজ। প্রবা ফটো
ঢাকার ধামরাইয়ে বংশী নদী রক্ষায় আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে। রবিবার (৭ মে) নাগরিক সমাজের উদ্যোগে এ আবেদন করা হয়।
আবেদনে বলা হয়, ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ বেইলি সেতুর কাছে নদী ভরাট করে নির্মাণকাজ চলছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সেখানে কোনো অবকাঠামো গড়ে উঠলে অন্যরাও নদী দখলে উৎসাহিত হতে পারে। ফলে নদীর প্রকৃত মানচিত্র বরাবর সীমানা অনুযায়ী নির্মাণ কাজের বৈধতা না থাকলে তা বন্ধ করা অতীব জরুরি। নির্মাণ কাজ বন্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আবেদনে স্বাক্ষর করেন ধামরাই সচেতন নাগরিক কমিটির সভাপতি ইমরান হোসেন, বংশী নদী সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক মাহমুদুর রহমান, প্রথম আলোর সহকারী সম্পাদক ও সমাজকর্মী মাহমুদ ইকবাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মাহতাব উজ জাহিদ, স্বপ্নডানার সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা এবং বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি এসএম নজরুল ইসলাম।
ইমরান হোসেন বলেন, ‘সেখানে নদী দখল করে নির্মাণকাজ করা হচ্ছে। এটি হয়ে গেলে আরও অনেকে নির্মাণকাজ করতে সাহস করবে। ফলশ্রুতিতে নদীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ বজায় রাখতে হবে। সেজন্য নদীর স্বাভাবিক গতিপথ সচল রাখার বিকল্প নেই। ফলে নদীর প্রকৃত সীমানা চিহ্নিত না করা পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। তা ছাড়াও ইতোমধ্যে বিভিন্ন স্থানে যারা নদীর তীর দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এখনই উপযুক্ত সময়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘সার্ভেয়ার পাঠানো হয়েছে। নির্মাণকাজ যারা করছে তারা জমিটি নিজেদের বলে দাবি করেছেন। সার্ভেয়ারের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’