খুলনা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৩ ০০:২৭ এএম
আপডেট : ০৭ মে ২০২৩ ০০:২৯ এএম
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের কর্মীসভা বন্ধ। প্রবা ফটো
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মীসভা বন্ধ করে দিয়েছেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
শনিবার (৬ মে) সন্ধ্যায় নগরীর গল্লামারি মোড়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল।
রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এরই মধ্যে সিটি নির্বাচনের তাফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ১৬ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এখন নির্বাচনের পূর্ব প্রস্তুতি সময়। এ সময়ে নির্বাচনী আচরণবিধি মোতাবেক কোনো প্রার্থীর পক্ষে সভা-সমাবেশ করা যাবে না।
এ ছাড়া কোথাও রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেও সভা-সমাবেশ করা নিষেধ রয়েছে। তবে নগরীর গল্লামারি মোড়ে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে কর্মীসভার আয়োজন করা হয়। সভা উপলক্ষে রাস্তার উপর প্যান্ডেল তৈরি করা হয়। খবর পেয়ে নির্বাচন অফিসের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে নির্বাচনী বিধিমালা মোতাবেক সমাবেশ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও বলেন, নির্বাচনী আচরণ বিধিমালা ৭ নম্বর ধারা অনুযায়ী তফশিল ঘোষণার পর প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো সভা-সমাবেশ আয়োজন করা নিষিদ্ধ। এ কারণে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে আয়োজিত কর্মীসভা বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় জেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজির আহমেদসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস বলেন, তারা দলের পক্ষ থেকে কৃষি নির্বাচনে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের প্রচারের জন্য গল্লামারি মোড়ে কর্মীসভার আয়োজন করেছিল। কিন্তু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের কথা বলে নির্দেশনা দিলে কর্মীসভা বন্ধ করা হয়।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন খুলনাসহ পাঁচ সিটি নির্বাচনের তফশিল ঘোষণা করে।