গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৩ ২০:২৮ পিএম
আপডেট : ০৬ মে ২০২৩ ২০:৪৫ পিএম
ছয়দানা এলাকার নিজবাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। প্রবা ফটো
নির্বাচনে জয়ী হলে ছেলের অসমাপ্ত কাজ শেষ করার কথা জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।
তিনি বলেছেন, ‘মিথ্যা ও ভুয়া অভিযোগ তুলে ১৮ মাস ধরে আমার ছেলের ওপর অনেক অবিচার হয়েছে। তার সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। তাই আমি মেয়র প্রার্থী হয়েছি। নির্বাচনে বিজয়ী হয়ে আমার ছেলের অসমাপ্ত কাজ শেষ করব।’
শনিবার (৬ মে) দুপুরে নগরের ছয়দানা এলাকার নিজবাড়িতে সাংবাদিকদের এসব বলেন তিনি।
জায়েদা খাতুন বলেন, ‘আশা করছি, নগরের ৫৭টি ওয়ার্ডের মানুষ আমাদের পাশে রয়েছে। রাস্তা-ঘাট যেগুলো অসমাপ্ত অবস্থায় পড়ে আছে, সেগুলোসহ সব ধরনের কাজ করে যাব। আমি ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই নানাভাবে মানুষের সেবা করে আসছি।’
বক্তব্য দেওয়ার সময় জাহাঙ্গীর আলম তার মায়ের সঙ্গেই ছিলেন। জাহাঙ্গীরের ঘনিষ্ঠ লোকজন বলছেন, শেষ পর্যন্ত তিনি নির্বাচন করতে না পারলে মায়ের নির্বাচন করবেন।
জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে তার মা জায়েদা খাতুনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। শেষ পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাইয়ে জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করা হয়। তবে তার মায়ের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন সাবেক মেয়র। তবে সেই আবেদনও নাকচ হয়েছে। এ অবস্থায় তার সামনে শুধু আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। নিজের পক্ষে রায় পাওয়ার আশায় রবিবার আদালতে যাচ্ছেন তিনি।
একের পর এক আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না, তার ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্ধারিত সময়ে রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দেবেন আজমত উল্লা। একই অপরাধের জন্য ৩০ এপ্রিল ও ৪ মে দুই দফা আজমত উল্লাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে কমিশন।
গত বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমার ছুটির দিনও জরুরি বৈঠক করে গাজীপুরের স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে আচরণবিধি প্রতিপালন করার জন্য এবং নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে প্রার্থিতা বাতিলের কথা স্মরণ করিয়ে সতর্ক চিঠি দেয় কমিশন।
এর আগে আচরণবিধি লঙ্ঘনের কারণে আজমত উল্লা খান, স্থানীয় সংসদ সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে সতর্ক করেন রিটার্নিং কর্মকর্তা। এ বিষয়ে এরই মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে কমিশন।