নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৩ ১৫:৩৫ পিএম
আপডেট : ০৬ মে ২০২৩ ১৬:৪৮ পিএম
মৃত্যুর খবরে ছুটে আসেন প্রতিবেশী ও অন্যরা
নওগাঁয় মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সঙ্গে দুজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে। শুক্রবার (৫ মে) দুপুর ও সন্ধ্যায় মা ও মেয়ে মারা যান।
মৃতরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার বিলগরিয়া গ্রামের মৃত আলহাজ কফিল উদ্দিনের স্ত্রী ৯৫ বছর বয়সি জাহানারা বেগম এবং তাদের মেয়ে ৫৫ বছর বয়সি জিন্নাতুন নেছা।
নওগাঁ শহরের জনকল্যাণ মহল্লার বাসিন্দা জিন্নাতুন নেছার স্বামী মোজাম্মেল হক বলেন, ‘আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার দুপুরে সংবাদ আসে তিনি মারা গেছেন। সংবাদটি শোনার পর আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। তাকে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী তার মায়ের মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারেননি। এজন্য সংবাদটি পাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। একই সঙ্গে দুজনের মৃত্যু আমাদের পরিবার ও আত্মীয়স্বজন কোনোভাবেই মেনে নিতে পারছে না।’
মোজাম্মেল হক জানান, বিকালেই তার শাশুড়ির জানাজা নিজ বাড়ি আত্রাই উপজেলার বিলগলিয়া গ্রামে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জিন্নাতুন নেছাকে তাদের গ্রামের বাড়ি আত্রাই উপজেলার সাহেবগঞ্জ মোল্লাপাড়ায় রাতে জানাজা পড়িয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।